আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করল ইসরায়েল
জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।
সেখানে এখন মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না তারা। মঙ্গলবার বিকেলে ইসলামিক ওয়াকফ
বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা।
জর্ডানের নিয়োজিত ইসলামিক ওয়াকফ বিভাগ আল-আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে। সংগঠনটি
জানিয়েছে, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির সব গেট বন্ধ করে দিয়েছে। সেখানে মুসলিমদের
প্রবেশে বাধা দিচ্ছে।
মুসলিমদের বাধা দিয়ে পুলিশ ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ ও প্রার্থনার সুযোগ করে দিয়েছে বলেও
জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। এর মাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা
হয়েছে। চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে। কিন্তু সেখানে নামাজ
করতে পারবে শুধুমাত্র মুসলিমরা।