সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:24 pm

ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত ছাড়ালো ১৪ হাজার 

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখনো গাজায় হামলার রিপোর্ট পাওয়া যাচ্ছে।
গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েল হামলা চালিয়েছে। এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাবালিয়া ক্যাম্পের আল- ফলৌজ এলাকায় হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে।
তবে হামাস ও ইসরায়েলের মধ্যে চারদিনের যুদ্ধবিরতির চুক্তি হয়েছে। ইসরায়েল সরকারের পক্ষ থেকে আজ বুধবার বলা হয়েছে, শিশু ও নারীসহ ৫০ জিম্মির মুক্তির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সরকার সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তাতে আরও বলা হয়েছে, সরকার লক্ষ্য অর্জনের একটি রূপরেখা অনুমোদন করেছে এবং সেই অনুযায়ী নারী ও শিশুদের সমন্বয়ে আগামী চারদিনে মুক্তি পাবে অন্তত ৫০ জিম্মি। এ সময় যুদ্ধে বিরতি দেওয়া হবে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে তারা ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১২০০। আহত তিনহাজারের বেশি। সেইসঙ্গে ২৫০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা।