-
Facebook
-
Twitter
-
Linkedin
পর্যটকশূন্য কক্সবাজারে
দেশে সাধারণত পর্যটনের মৌসুম ধরা হয় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়কাল। এ হিসেবে এখন পর্যটনের ভরা মৌসুম। অথচ সবকটি পর্যটনকেন্দ্র কার্যত ফাঁকা। হরতাল-অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকছে সপ্তাহের বেশিরভাগ সময়। এ ছাড়া সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ট্রেন ও দূরপাল্লার বাসে আগুন দেয়ার পর অনেক পর্যটকই নির্ধারিত ভ্রমণ বাতিল করছেন। এ অবস্থায় বর্তমানে পর্যটনকেন্দ্রগুলো খাঁ খাঁ করছে।
খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, চলমান সংকটের সমাধান না হলে পর্যটনসহ সব খাতই ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যেই মৌসুমের দুইটি মাস শেষ হচ্ছে। গেল ২ মাসে কোনো ব্যবসা না থাকার কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, শপিংমল, বার্মিজ মার্কেট, শুঁটকি মার্কেট, যানবাহন, শামুক ও ঝিনুক মার্কেট, ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, করোনার ব্যবসায়িক ধকল কাটিয়ে উঠতে না উঠতেই হরতাল-অবরোধের কারণে এ খাতের মরণদশা। মানুষ ঘুরতে যায় আনন্দ করতে, কেউই চাইবে না কোনো ধরনের আতঙ্কের মধ্যে থাকতে। ফলে যেসব পর্যটনকেন্দ্রে মানুষ সবচেয়ে বেশি ঘুরতে যায়, সেসব পর্যটনকেন্দ্র এখন একেবারেই খালি। বিমানে কিছু পর্যটক আসা-যাওয়া করলেও তা উল্লেখ করার মতো নয়।
তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হবে। কারণ, নভেম্বর প্রায় শেষ, ডিসেম্বরে পরিস্থিতির উন্নতি হবে এমন লক্ষণ আমরা দেখছি না। জানুয়ারিতে নির্বাচন। ফলে মৌসুমের ৪ মাসের মধ্যে ৩ মাস কোনো ব্যবসা হবে না। আর ফেব্রুয়ারিতে ব্যবসা করে খরচও ওঠানো যাবে না। কারণ, সারা বছরের ব্যবসা হয় এই ৪ মাসে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ হাজার ৪০০ পর্যটন স্থান রয়েছে। এর মধ্যে ২৮১টি স্থানে পর্যটকরা নিয়মিত যান। প্রতিবছর এসব পর্যটনকেন্দ্রে প্রায় ২ কোটি দেশি পর্যটক ভ্রমণ করেন। পর্যটক আকর্ষণ বাড়াতে ও রাতের বিনোদনের জন্য মাত্র ক’দিন আগে কক্সবাজারে মাসব্যাপী শুরু হয়েছে শিল্প ও বানিজ্যমেলা। কিন্তু সেখানে নেই কোনো কোলাহল। আর কক্সবাজার সমুদ্রসৈকতের প্রতিটি পয়েন্ট এখন নীরব। বন্ধ হয়ে গেছে কক্সবাজার শহরের আড়াইশ রেস্তোরাঁ। হোটেল রেস্তোরাঁ থেকে প্রতিদিন ছাঁটাই করা হচ্ছে কর্মচারী।