সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:35 am

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

গ্রুপপর্বেও আরব আমিরাতের বিপক্ষে ৬০ রানে বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

রোববার (১৭ ডিসেম্বর ২০২৩) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ২৮২ রানের জবাবে ৮৭ রানে অলআউট হয়েছে আরব আমিরাত যুব দল। স্বাগতিক দেশকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব গড়ে টাইগার যুবারা।

২৮৩ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই টাইগার পেসার মারুফ মৃধার তোপে পড়ে স্বাগতিকরা। পাওয়ার প্লেতেই ৩৯ রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আরব আমিরাত। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

মারুফের পর রুহানাত উল্লাহ বরসনের বোলিং তোপে মাত্র ৮৭ রানেই অলআউট হয়ে আরিয়ান খানের দল। আর তাতেই ১৯৫ রানের বিশাল ব্যবধানে জিতে এশিয়া কাপ নিজেদের করে নিল টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন মারুফ ও বরসন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে ১ উইকেট হারালেও খুব বেশি সমস্যায় পড়তে হয়নি। দলীয় ১৪ রানের মাথায় জিশানের উইকেট হারানোর পর দ্রুতই ঘুরে দাঁড়ায় জুনিয়র টাইগাররা। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২৫ রানের বড় এক পার্টনারশিপ গড়েন ফর্মের তুঙ্গে থাকা শিবলী। দুজনের এই জুটিই অনেকটা এগিয়ে দেয় বাংলাদেশকে। দুজনেই রান তোলেন সাবলীল গতিতে। ফিফটির দেখা পান দুজনই। পরে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন ওপেনার শিবলী।

এদিকে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে গ্যালারিতে ছিলেন অনেক প্রবাসী ভক্ত। বিনামূল্য মাঠে বসে খেলা উপভোগের সুযোগ পেয়েছিলেন তারা। তবে সময়টা নষ্ট হয়নি প্রবাসী দর্শকদের। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি দেখেছেন তারা। দেখেছেন মাহফুজুর রহমান রাব্বির দলের ১৯৫ রানের বিশাল জয় এবং শিরোপ উৎসব। তারাও মন খুলে তরুণদের শিরোপা উদযাপন করেছেন।