সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:20 am

গাজায় ইসরাইলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত

এ নিয়ে গাজায় ইসরাইলের ১৪১ দিনের হামলায় কমপক্ষে ২৯ হাজার ৫১৪ জন প্রাণ হারিয়েছেন। যাদের বেশিরভাগই শিশু ও নারী। সেই সঙ্গে আহত হয়েছেন ৬৯ হাজার ৬১৬ জন ফিলিস্তিনি।

তুরস্কের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এইসব হামলা এমন সময় চালানো হলো যখন ইসরাইলের গুপ্তচর প্রধান একটি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত আলোচনার লক্ষ্য হলো, যুদ্ধবিরতির বাধাগুলো দূর এবং হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করা।

প্যারিস আলোচনা শুরুর আগেই গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে অযৌক্তিক এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস। এছাড়া জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এমন পরিকল্পনার সমালোচনা করেছে।

এদিকে গাজার চলমান পরিস্থিতিতে দুর্ভিক্ষের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এতে সেখানকার বেসামরিক নাগরিকদের উদ্বেগ আরও গভীর হয়েছে।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিয়ে কাজ করা জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনডব্লিউআরএ শনিবার ঘোষণা করেছে যে, গাজার বাসিন্দারা অত্যন্ত বিপদে রয়েছে; যখন বিশ্ব শুধু চেয়ে চেয়ে দেখছে।

যুগান্তর/অনলাইন
২৪ ফেব্রুয়ারি ২০২৪