সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 11:05 am

রাজধানীতে পতাকা টানাতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পলাশপুর আইডিয়াল স্কুলে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রিয়ান বাদশা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বনগ্রামের সিএনজি অটোরিকশা চালক ফারুক হোসেনের ছেলে। পরিবারের সাথে পলাশপুর ৫ নম্বর রোডে থাকতো।

হাসপাতালে আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসি ও জাকির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে রিয়ান বাদশা স্কুলের সামনে জাতীয় পতাকা টাঙাচ্ছিল। তখন পতাকার সাথে থাকা স্টিলের পাইপ পাশের বিদ্যুতের তারের সাথে সংস্পর্শ হয়। এতেই বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কদমতলি থেকে এক স্কুল ছাত্রকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্কুলের শিক্ষকরা জানান, স্কুলে পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। মরদেহটি মর্গে রাখা হয়েছে।