সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:33 am

আক্ষেপে মেসি বললেন, ‘নিজের ওপর বিরক্ত লেগেছে’

আমেরিকার সেমিতে আর্জেন্টিনা। ১-১ গোলের সমতায় হিউস্টনে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই প্রথম ভুলটা করে বসেন এলএমটেন। টাইব্রেকারে নেয়া প্রথম শটটিতে গোলরক্ষক আলেকজান্ডার ডমিঙ্গেজকে ভুল পথে পাঠিয়েছিলেন বটে। কিন্তু তার প্যানেককা শট বারপোস্টে লেগে চলে যায় ওপরে। ম্যাচ শেষে পেনাল্টি মিসের আক্ষেপ ও ইনজুরি নিয়েও কথা বলেছেন মেসি।

হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে ইনজুরির শঙ্কা উড়িয়ে মেসির নেতৃত্বেই খেলতে নামে আর্জেন্টিনা। গোটা ম্যাচে মেসি সে ভাবে ছাপ ফেলতে পারেননি। পুরো ৯০ মিনিটে মেসির বলে স্পর্শ ছিল মাত্র ২৭ বার, গোলকিপার মার্তিনেজের চেয়ে একবার বেশি।

ইকুয়েডরের বিপক্ষে আক্ষেপ থাকলেও আগামী ১০ জুলাই সেমিফাইনালের আগে আর্জেন্টাইন সমর্থকদের আশাবাদের খবরই শুনিয়েছেন মেসি। জানিয়েছেন, চোট থেকে ফিরে কিছুটা সতর্ক থাকতে হয়েছে তাকে। বলেন, ‘আমি এখন ঠিক আছি। কোনো অস্বস্তি নেই। আবার চোটে পড়ার বা অস্বস্তিতে ভোগার মানসিক ভয় সব সময়ই ছিল। তবে পেশিতে কোনো সমস্যা নেই। কোচ জিজ্ঞাসা করেছিল খেলতে প্রস্তুত কি না। আমি হ্যাঁ বলেছি।’

প্রতিপক্ষ ইকুয়েডরকে সমীহ করলেন মেসি। বলেন, ‘ওরা ভালো দল। বৈচিত্র্য আছে। শক্তিশালীও। তবে আমরা যেভাবে খেলতে চেয়েছি, পিচের কারণে সেটা পারা যায়নি। এ ধরনের মাঠে খেলা রক্ষণ নির্ভর দলের জন্য সুবিধাজনক।’

এদিকে টাইব্রেকারে পোস্টের মাঝামাঝি ‘পানেনকা’ শট নিতে গিয়ে বল মেরে বসেন ক্রসবারে। যে শটে মেসি গোল মিস করেছেন, সে ধরনের শট তাকে সাধারণত নিতে দেখা যায় না। মেসি বলেন, ‘খুব বিরক্ত লেগেছে নিজের ওপর। ভেবেছিলাম কিকটা ভালোই হবে। আমি (দুই গোলকিপার) দিবু ও রুইয়ের সঙ্গে কথা বলেছিলাম। এই কিকটা অনুশীলন করা হয়নি, শুধু কথা বলে নিয়েছিলাম। আমার চেষ্টা ছিল বলটা আস্তে করে মারতে, কিন্তু উঁচুতে উঠে গেল।’

মেসি টাইব্রেকারে শট মিস করলেও এমিলিয়ানো মার্তিনেজ ইকুয়েডরের টানা দুটি শট রুখে দিয়ে আর্জেন্টিনার জয় নিশ্চিত করে দেন। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জিতে আর্জেন্টিনা চলে যায় সেমিফাইনালে। যেখানে নায়ক হন একজনই। গোলবারের নিচে থাকা এমিলিয়ানো মার্তিনেজ। ৩১ বছর বয়সী মার্তিনেজের প্রশংসা করতে গিয়ে মেসি বলেন, ‘আমি জানতাম, এ ধরনের সময়ে দিবু দাঁড়িয়ে যাবে। এ ধরনের মুহূর্তই ওর পছন্দ, যেটা তাকে বড় করে তুলেছে। ও গোলবারের নিচে থাকলে অন্য রকম হয়ে ওঠে।’

ম্যাচের শেষে দলের গোলরক্ষক এমি মার্তিনেজের ওপর আস্থার কথা অকপটে স্বীকার করে নেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বলেন ‘পেনাল্টি শ্যুট আউটে দলের সবাই অন্ধভাবে গোলরক্ষকের ওপর বিশ্বাস করেছিল আর এটাই স্বাভাবিক। যদিও লিও (মেসি) মিস করেছিল, তারপরেও পুরো দল জানতো, ভাল কিছু হতে যাচ্ছে।’

প্রসঙ্গত, কোয়ার্টারে ভেনেজুয়েলা এবং কানাডা ম্যাচের জয়ীর বিপক্ষে আগামী ১০ জুলাই সেমিফাইনাল খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।