-
Facebook
-
Twitter
-
Linkedin
আপিলের রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি,
৭ শতাংশ কোটায় যোগ্য প্রার্থী না থাকলে মেধা থেকে নিয়োগ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে সরকারি সব চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।
আগে মুক্তিযোদ্ধা কোটায় সন্তানদের পাশাপাশি নাতি-নাতনিদের চাকরির সুযোগ থাকলেও নতুন প্রজ্ঞাপনে তা রাখা হয়নি।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে গুলশানে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানান, আপিল বিভাগের রায়ের আলোকেই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার যোগ্য প্রার্থী থেকে নিয়োগ দেওয়া হবে। মঙ্গলবার জারি হওয়া নতুন এ প্রজ্ঞাপনের পর কোটা নিয়ে আগের সব প্রজ্ঞাপন, আদেশ বা নির্দেশ বাতিল করা হয়েছে।
আইনমন্ত্রী জানান, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে নবম থেকে ২০তম গ্রেড পর্যন্ত চাকরিতে মোট ৭ শতাংশ কোটা এবং ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কোটা নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকার আপিল বিভাগের রায় প্রতিপালন করেছে। আদালত কোটার ক্ষেত্রে চারটি ক্যাটাগরি নির্ধারণ করে দিয়েছে। তাই এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আদালত বলেছেন, ভবিষ্যতে প্রয়োজন হলে কোটা সংস্কার করা যাবে।
শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহবান জানিয়ে আইনমন্ত্রী বলেন, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আহত সাধারণ শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারের। বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দেবে। আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা তাদের নামে হওয়া মামলার তথ্য দিলে মামলা তুলে নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত-শিবির ও জঙ্গিরা আন্দোলনকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে। হতাহতের দায় হামলাকারীদের নিতে হবে।
প্রসঙ্গত, গত রোববার ৭ শতাংশ কোটা রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়।