সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:32 am

মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শাফিন আহমেদের ভাই হামিন বলেন, ‘কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন। ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। এ কারণে শো বাতিল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।’

জানা গেছে, শাফিন আহমেদের মরদেহ ঢাকায় আনার জন্য এরই মধ্যে সকল প্রস্তুতি নিয়েছে প্রয়াতের পরিবার। শাফিন আহমেদ দীর্ঘদিন মাইলস ব্যান্ডে গান করেছেন। কয়েকবছর আগে মাইলস ব্যান্ড ছেড়ে দিয়ে নিজের নামে একটি ব্যান্ড গঠন করেন।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।