সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:32 am

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর শান্তিনগরের বাসা থেকে শনিবার দিবাগত রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

রোববার (২৫ আগস্ট) সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বলেন, সাবেক পাটমন্ত্রীকে শান্তিনগরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার এড়াতে সাবেক পাটমন্ত্রী তার সমন্ধির বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল তাকে শনিবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা করেন রোমানের খালা রিনা।

মামলার বাদী জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।