সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:42 am

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণে মৃত্যু ১

রাত ১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষ্কোরণ হয়। বিস্ফোরণে অগ্নিদগ্ধ আটজন শ্রমিককে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এরমধ্যে একজন মারা গেছে। মৃত ব্যক্তির নাম আহমেদ উল্লাহ(৩৮)।

অগ্নিদগ্ধ আট শ্রমিককে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে আহমেদ উল্লাহকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দগ্ধরা হলেন বরকত উল্লাহ ওরফে রফিক (২৩) আনোয়ার হোসেন (৪৫), আল আমিন (২৩) জাহাঙ্গীর আলম (৪৮), হাবীব (৩৫), মো. খাইরুল ওরফে রফিকুল (২১) ও আবুল কাশেম (৩৯)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, রাতে চট্টগ্রাম থেকে আটজন দগ্ধকে ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। এরমধ্যে আহমেদ উল্লাহ নামে একজন মারা গেছে। তার শরীরের ৯০শতাংস দগ্ধ ছিল।

এদের মধ্যে বরকত উল্লাহর শরীরের ৬০ শতাংশ, আনোয়ার হোসেনের ২৫ শতাংশ, আল আমিনের ৮০ শতাংশ, জাহাঙ্গীর আলমের ৭০ শতাংশ, হাবিবের ৪৫ শতাংশ, আবুল কাশেমের ৭০ শতাংশ ও খায়রুল ইসলাম ৮০ শতাংশ দগ্ধ হয়েছেন। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

সহকর্মী নাজমুল ইসলাম জানান, শনিবার বেলা ১২টার দিকে সীতাকুণ্ড তেতুলিয়া এলাকায় জাহাজে কাজ করার সময় তেলের টাংকিতে বিস্ফোরণ হয়ে দগ্ধ হয় তারা। প্রথমে তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য আটজনকে রাতেই জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল নিয়ে আসা হয়।