সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:39 am

ঢাকায় ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশি অভিযান

সড়কে ব্যাটারিচালিত রিকশাসহ থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল সড়কে তিন চাকার অযান্ত্রিক যানবাহনের চলাচল ও দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যাওয়ায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ এই অভিযান শুরু করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচিকে কেন্দ্র করে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সংঘাত-সংঘর্ষ বেড়ে যায়। এতে সীমিত হয়ে পড়ে বাস চলাচল। সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ দলীয় বিভিন্ন সংগঠন দিয়ে ছাত্র আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা ও কারফিউ জারি করলে রাজধানীতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সুযোগে যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যাটারিচালিত রিকশাসহ তিন চাকার এ জাতীয় ক্ষুদ্র বাহনগুলো রাজপথ দখল করে নেয়।

অন্যদিকে ছাত্র-জনতার ধারাবাহিক আন্দোলনের মুখে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন এবং পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার প্রধান সড়কগুলোতে তিন চাকার অযান্ত্রিক বাহনের উপস্থিতি অনেক বেড়ে যায়। ব্যাটারিচালিত দ্রুতগতির রিকশাগুলো সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে সড়কে চলাচলে পথচারীদের নিরাপত্তা ঝুঁকিও অনেক বেড়ে যায়। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে শাহবাগ ও মিরপুর এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় তানিয়া খানম (৩৫) ও দেড় বছর বয়সী মীরা সরকার নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।

এই পরিপ্রেক্ষিতে ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে। পুলিশের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে নিত্যদিন চলাচলকারী মহানগরবাসী।