সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:46 am

রাতভর বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা

বৃষ্টিতে ঢাকার শান্তিনগর, মালিবাগ, মৌচাক, রাজারবাগ, পল্টন, মতিঝিল কলোনি, গ্রিন রোড, ফকিরাপুলের অনেক রাস্তায় পানি জমে যায়। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত এসব রাস্তায় কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি দেখা গেছে। এতে বিভিন্ন প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন, তাদের ভোগান্তি বেড়েছে।

বিশেষ করে কর্মস্থলগামী ও স্কুলগামীদের ভোগান্তি বেশি। দেশের বিভিন্ন স্থানে গত মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজও ঢাকাসহ অনেক জায়গায় আকাশ মেঘলা।

রাজধানীতে বুধবার সন্ধ্যা থেকেই মুষলধারে নেমেছে বৃষ্টি। রাতভর থেমে থেমে বৃষ্টি চলেছে।
আজ বৃহস্পতিবারও কমবেশি বৃষ্টি হয়েছে। কখনো জোরে, কখনো ঝিরিঝিরি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণেই বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। এর ফলে বিশেষ করে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।