সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:33 am

রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যা

 রোহিঙ্গা ক্যাম্পে বসত ঘরে ঢুকে গুলি করে একই পরিবারের পিতা, ছেলে ও মেয়েসহ ৩ জনকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মো. আরিফ হোসাইন।

নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-১৭ (এক্স) ব্লক: ১০৪ বসবাসরত আহাম্মদ হোসেন (৬৫), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৫)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ক্যাম্প-২০ (এক্স), ব্লক-এস/৪, বি/৬ ব্লকে ঢুকে নারী-পুরুষসহ একই পরিবারের তিনজনকে গুলি করে অজ্ঞাত ১৫-২০ জন দুর্বৃত্ত। এতে মাথায়, বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাবা-ছেলে- ২ জনই। বাবা-ছেলে ঘটনাস্থলে মারা গেলেও মেয়ে আসমাকে গুলিবিদ্ধ অবস্থায় ক্যাম্পের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। নিহতরা ক্যাম্প-১৭ থেকে এসে অস্থায়ীভাবে ক্যাম্প-২০ এ শেড তৈরি করে বাস করতেন।

ক্যাম্পে নিরাপত্তা দায়িত্ব নিয়োজিত ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, হত্যাকাণ্ডের খবর সবার সাথে সাথে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে।

ক্যাম্পের মাঝিরা জানান, মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্টি আরসা ও আরএসও মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

ক্যাম্প সূত্র জানায়, নিহত রোহিঙ্গা সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত। এ কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এমন নৃশংসভাবে আক্রমণ চালিয়ে বাবা-বোনসহ তাকেও হত্যা করেছে। হামলার পর অজ্ঞাত সন্ত্রাসীরা লাল পাহাড়ের এস/৪, বি/৭ ব্লকে দিয়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনার পর এপিবিএন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যাযাদি/২১ অক্টোবর ২০২৪, ১৪:৩০