সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:10 am

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গতকাল সোমবার দিনগত রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে মিরপুর মডেল থানায় আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন জানান, তিনি বাংলাদেশেই রয়েছেন, ঢাকায় রয়েছেন। নিরাপত্তার কারণে এতদিন তিনি গোপনে ছিলেন।

ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

যাযাদি ডেস্ক/২২ অক্টোবর ২০২৪, ০৯:০৮