সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:03 pm

নেতানিয়াহুর অফিস ঘেরাও

জেরুজালেমে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরাইলি বন্দিদের ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করছে বিক্ষুব্ধ ইসরাইলিরা।

আলজাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেইসঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গেল মাসের শেষদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করার দায়ে ৯ বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স। ওইদিন সকাল থেকেই নেসেটের সামনে জড়ো হন হাজারও মানুষ।

বিক্ষোভকারীরা আন্দোলন করতে করতে নেতানিয়াহুর বাসভবনের দিকে অগ্রসর হন। তাদের দাবি ছিল হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তি ও নেতানিয়াহুর পদত্যাগ।

তবে বিক্ষোভ মিছিলটিতে পুলিশ ব্যাপক ধরপাকড় চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে স্লোগান দিতে থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরপূর্বক হটিয়ে দেয় বিক্ষোভকারীদের।

দুর্নীতি, মধ্যপ্রাচ্যে চালানো বর্বরতা, হামাসের হাতে বন্দি ইসরাইলি জিম্মিদের মুক্তির ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়াসহ আরও অনেক গাফিলতির অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে।