সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:33 am

চ্যালেঞ্জ কাপ জিতে কিংসের শুরু

মতো আয়োজিত এই টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্নে দুই জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী মোহামেডানের লড়াই। আগে গোল করে সেই লড়াইয়ে জেতার স্বপ্নও দেখে ফেলেছিল সাদাকালো শিবির। কিন্তু সেই স্বপ্ন ধূলিসাৎ হলো ম্যাচের শেষদিকে। নিজেদের মাঠে প্রত্যাবর্তনের গল্প লিখে আরও একবার প্রতিপক্ষ থেকে জয় ছিনিয়ে নিল অপ্রতিরোধ্য শক্তি বসুন্ধরা কিংস। ৩-১ গোলের জয়ে নতুন মৌসুমে দুর্দান্ত শুরু পেল গেলবারের ট্রেবলজয়ীরা।

ইউরোপীয় ফুটবলের আদলে আয়োজিত ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’-এর শুরুটা ছিল মনে রাখার মতো। ম্যাচ শুরুর আগে কিংস অ্যারেনার গ্যালারিতে ফুটে উঠে আবু সাইদ-মুগ্ধদের ছবি। গ্রাফিতিতে ছাত্র বিপ্লবের নানা মুহূর্ত ফুটিয়ে তোলা হয়। এরপর স্বাধীন বাংলা ফুটবল দলের প্রয়াত অধিনায়ক জাকারিয়া পিন্টু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে খেলা শুরু হয়।

ম্যাচের সপ্তম মিনিটেই মোহামেডানের সমর্থকরা উৎসবের উপলক্ষ পেয়ে যান। সাদাকালো জার্সিধারীদের এগিয়ে দেন সোলেমানে দিয়াবাতে। ইমানুয়েল সানডের ক্রস থেকে দুর্দান্ত হেডে আনিসুর রহমান জিকোকে ফাঁকি দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। বিরতির আগে সমতা ফেরানোর লক্ষ্যে চমৎকার একটি আক্রমণ শানায় স্বাগতিকরা। গোলমুখের কাছ থেকে নেওয়া মিগেইল দামাসেনার শট ঠেকিয়ে মোহামেডানের জাল অক্ষত রাখেন সুজন হোসেন। তিন মিনিট পর সেই মিগেইলের শট ঠেকিয়ে ফের সাদাকালো শিবিরকে রক্ষা করেন সুজন। প্রথমার্ধের যোগ করা সময়েও বসুন্ধরার একটি চেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। পিছিয়ে থেকেই বিরতিতে যায় ভালেরিও তিতের শিষ্যরা।

প্রথমার্ধের ব্যর্থতা ভুলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কিংস। বল দখলে আধিপত্য বিস্তারের পাশাপাশি মোহামেডানের রক্ষণ দুর্গে পরীক্ষা নেয়। ৫৮ মিনিটের মাথায় সমতায় ফিরতে পারত স্বাগতিকরা। কিন্তু ফয়সাল আহমেদ ফাহিমের বাঁ পায়ের শট পোস্টঘেঁষে বেরিয়ে গেলে সেই আশা পূরণ হয়নি। এরপরই ঘটে নাটকীয় এক ঘটনা। মাঠের মধ্যে সমর্থকদের স্মোক ফ্লেয়ার ছুড়ে মারার কারণে মিনিট দশেক খেলা বন্ধ থাকে। ৭২ মিনিটের মাথায় তপু বর্মণের গোলে সমতায় ফেরে কিংস শিবির। মিগেলের কর্নার থেকে আলতো টোকায় মোহামেডানের জালে বল পাঠান তিনি। ৯ মিনিট পর স্বাগতিকদের আনন্দ দ্বিগুণ করেন ফাহিম। মিগেলের ক্রস থেকে বক্সের ডানপ্রান্ত থেকে তিনি গোল করেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আলফাজ আহমেদের শিষ্যরা। উল্টো যোগ করা সময়ে কিংসরে হয়ে আরও একটি গোল করেন ব্রাজিলিয়ান মিগেল।

চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতে ট্রফি জয়ের পাল্লা ভারী করেছে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলে হেভিওয়েট ক্লাবটির বর্তমান ট্রফি সংখ্যা বেড়ে ১২-তে ঠেকেছে। আর কোচ হিসেবে ট্রফি নিয়ে মৌসুম শুরু করলেন তিতে।