সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:34 am

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়তে পারে শীত

 দেশের উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হয়েছে। পাশাপাশি ঢাকাসহ দেশের এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে রয়েছে বাতাসও ছিল। এতে শীতটা যেন একটু বেশি অনুভূত হচ্ছে নগরবাসীর।এমন অবস্থায় দেশের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দুপুর থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। চারদিক ঢেকে ফেলা মেঘের মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও তেজ তেমনটা ছিল না। বিকেল ৪টার পর থেকে রাজধানীর রামপুরা, বনশ্রী, মগবাজার, কারওয়ান বাজার, মালিবাগ, শাহবাগসহ বেশ কয়েকটি এলাকায় শীতল বাতাস বয়ে যেতে থাকে।

আবহাওয়া অধিদফতর বলছে, এই বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে। শনিবার দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে। আজ রোববারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, আজ দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হয়েছে। আর ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বেলা ৩টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৮৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৬৪৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার এবং পায়রা থেকে ১ হাজার ৫৪৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার। কেন্দ্রের নিকটবর্তী সাগর খুবই উত্তাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ অঞ্চলে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে ছিল।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবারও তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, হালকা কুয়াশা থাকলেও ভোরেই আকাশে উঁকি দিয়েছে সূর্য। কিছুক্ষণ পর ঝলমলে রোদ দেখা দিলেও সবুজ ঘাসের ডগায় টলমল করতে দেখা যায় শুভ্র শিশির। আর মেঘমুক্ত আকাশে কুয়াশা না থাকায় ও ঝলমলে রোদের দেখা মেলায় কর্মজীবী মানুষের মধ্যে স্বস্তি ছিল।