সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:15 am

সরিষার ফুলে ভরে গেছে বিস্তীর্ণ মাঠ

চাঁদপুরের মতলবে বিস্তীর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষার ফুলে ভরে গেছে। মাঠে মাঠে আগাম জাতের সরিষার হলুদ ফুল ছড়িয়ে দিচ্ছে এক নতুন সৌন্দর্য্য। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রাণ।

সরিষা ফুলের এমন সমারহে খুশি কৃষক ও সরিষা থেকে মধু আহরণকারীরা। বিগত সময়ে সরিষার ফলন ও দাম দুটোই ভাল পাওয়ায় চলতি মৌসুমে কৃষকরা সরিষা চাষে বেশি ঝুঁকেছেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১ হাজার ৫৪০ হেক্টর জমিতে বারী সরিষা ৯, ১১, ১৪ ও ১৮ এবং বিনা সরিষা ৪ ও ৯ সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পসহ চরাঞ্চলে সরিষার আবাদ হয়েছে। মাঠের পর মাঠ দেখা মিলছে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক।

সরিষার আবাদের সঙ্গে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরণ করা জহির হোসেন ( মধু মিয়া) বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার ক্ষেত থেকে অনেক বেশি মধু পাওয়ার আশা করছেন।উপজেলা কৃষি অফিসার ফয়সাল আহমেদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষা চাষে বাম্পার ফলন হবে।