-
Facebook
-
Twitter
-
Linkedin
‘আমার এই চলে যাওয়াতে কারো কোন হাত নেই’
চট্টগ্রামের পটিয়ায় চলন্ত ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক কোচিং সেন্টারের শিক্ষক। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ধলঘাট রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষক।
নিহত রাজন দত্ত (৩৭) পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মিলন দত্তের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ধলঘাট এপেক্স কোচিং সেন্টারে শিক্ষকতা করে আসছিলেন।
জানা গেছে, আজ (শুক্রবার) সকালে শার্ট, প্যান্ট পড়ে ঘর থেকে বের হয়। সকাল ৮টার দিকে ধলঘাট রেল স্টেশন এলাকায় তার নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয়রা শনাক্ত করেন।
এদিকে ওই শিক্ষকের আত্মহত্যার পর একটি চিরকুটের তথ্য মেলে। সেই চিরকুটে লেখা ছিল, “আমার এই জন্মের সকল উদ্দেশ্য পূর্ণ হয়েছে। তাই আমায় এখন এই জীবন ত্যাগ করে চলে যেতে হবে। আমার এই চলে যাওয়াতে কারো কোন হাত নেই।”
এর আগে তিনি একটি চিরকুট লিখে ঘরে রেখে কক্সবাজারমুখী চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয়রা জানান। ট্রেনের ধাক্কায় শিক্ষকের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘরের ড্রয়ার থেকে চিরকুট পাওয়া গেছে বলে তন্ময় দে নামের একজন নিশ্চিত করেন। তবে স্থানীয়রা মনে করছেন প্রেমঘটিত কিংবা মানসিক অশান্তির কারণে আত্মহত্যা করতে পারেন।
পটিয়ার ধলঘাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল নাথ বলেন, শিক্ষক হিসেবে তিনি অনেক মেধাবী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে মেঝ ভাই।
পটিয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার রাশেদুল ইসলাম পাভেল বলেন, ইতিমধ্যে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে৷ তারা এলেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
সময়ের আলো/ ২৪ জানুয়ারি, ২০২৫