সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

February 23, 2026 5:48 am

১৮ ঘণ্টা সমুদ্রে ভেসে প্রাণে বাঁচলেন চার জেলে 

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার পর ১৮ ঘণ্টা ধরে সমুদ্রে ভেসে থাকা চার জেলে জীবিত উদ্ধার হয়েছেন।

জানা গেছে, সোমবার (১৬ জুন) সন্ধ্যায় পায়রা বন্দরের পশ্চিমে খাম্বা বয়া এলাকার কাছাকাছি মাছ ধরতে গিয়ে হঠাৎ ঝড়ে পড়েন তারা। এতে ট্রলারটি ডুবে গেলে চার জেলে সমুদ্রে পড়ে যান। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার পর মঙ্গলবার (১৭ জুন) সকালে স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধার হওয়া চার জেলে হলেন- আলকাচ মাঝি (২৫), খায়রুল ইসলাম (২৫), রাসেল (২৭) ও শামিম হাসান (৩৫)। তারা সবাই কুয়াকাটা পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলে শামিম বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। আমরা সাঁতরে ভেসে ভেসে একটি চরে উঠি। পরে জ্ঞান ফিরলে দেখি আমরা হাসপাতালে আছি।

ট্রলারের মাঝি আলকাচ বলেন, আমি সাগরে পড়ে গেলে একটি ট্রলার আমাকে উদ্ধার করে। পরে অন্যদের খোঁজ করলেও পাওয়া যাচ্ছিল না। আজ সকালে জানতে পারি তারা তুফানিয়া চরে আশ্রয় নিয়েছে।

হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রিয়াজ হোসেন জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই শঙ্কামুক্ত।

তবে এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, আমাদের কেউ বিষয়টি জানায়নি। বর্তমানে সমুদ্র বেশ উত্তাল রয়েছে।

সময়ের আলো/জেডআই
১৭ জুন, ২০২৫

আরও - জেলা সংবাদ

আরও - ভিন্ন খবর