সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 9:11 am

যুবককে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর শিবপুরে কবির আহমেদ (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের শিবপুর-জাল্লারা সড়কের ধনাইয়া এলাকার ব্রীজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কবির আহমেদ জয়নগর ইউনিয়নের ধনাইয়া এলাকার আলিম উদ্দিনের ছেলে। সে শিবপুর থানা সংলগ্ন মার্কেটের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কবির হোসেন ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছিলো। এসময় তিনি মোবাইল ফোনে এক নারীর সাথে কথা বলছিলেন। দুইজনে কথা বলার সময় অপর প্রান্তের নারী বুঝতে পারে সে ছিনতাইকারীর কবলে পড়েছে। পরে তার মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারে কবির আহমদে ছিনতাইকারীর কবলে পড়েছে। তবে স্বজন-প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করলেও সন্ধান পায়নি কেউ। বুধবার সকালে ওই এলাকার একটি ব্রীজের নিচে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় কবিরের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পরে সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের ভাই মনির হোসেন বলেন, আমরা রাতেই বিষয়টি জানতে পেরে থানায় গিয়ে অভিযোগ দিয়েছি। পুলিশসহ আমরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও সন্ধান পাইনি। সকালে তার মরদেহ পাই। আমাদের জানামতে তার কোন শত্রু নাই। তবে কিছুদিন ধরে সে এক নারীর সাথে কথা বলতো। গতকাল রাতে তার সাথে কথা বলার সময়ই কবিরকে আটকায়। পরে সেই আমাদের পরিবারকে জানায়। এরকারণে আমাদের সন্দেহ হচ্ছে। আমার ভাইয়ের দুইটা ছেলে এতিম হয়ে গেলো।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন জানান, রাতে আমাদের জানানোর পর একাধিক জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাইনি। পরে সকালে তার মরদেহ পাওয়া যায়। তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। তার গায়ে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে । এ ঘটনায় রহস্য উদঘাটনে আমরা বাজারের ব্যবসায়ীসহ কবিরের সাথে সংশ্লিষ্ঠ একাধিক ব্যক্তির সাথে কথা বলে তথ্য নিচ্ছি। আশা করছি দ্রুত সময়েই রহস্য উদঘাটন করে আসামী গ্রেপ্তার করতে পারবো। আর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিডি প্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০২৫