সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:07 am

ঘুমের সমস্যার কারণে ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগের ঝুঁকি বাড়ছে

এসব রোগের কারণে ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে। ঠিক মতো ঘুম না হওয়ায় অনেকেই অফিসে কাজে অমনোযোগী থাকেন, তাদের মেজাজও খিটখিটে থাকে বলে তারা কলিগদের সাথে দুর্ব্যবহার করে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সোমবার (২৭ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশে প্রাপ্ত বয়স্কদের ঘুমের মধ্যে রোগের প্রাদুর্ভাব, ঝুঁকি এবং স্বাস্থ্যের ক্ষতি নিয়ে প্রাথমিক গবেষণার ফলাফল ও প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল রোগ প্রতিরোধ ও চিকিৎসাতেও বড় ধরণের ভূমিকা রাখবে। ঘুমের মধ্যে আরো কি কি সমস্যা ও রোগ রয়েছে এবং সে কারণে অন্যান্য রোগের উপর কি ধরণের প্রভাব ফেলছে, তাও নিশ্চিত হওয়া যাবে। যা ঘুমের সমস্যা সংক্রান্ত রোগের চিকিৎসা ও প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে। এই গবেষণাটি সম্পন্ন হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
অনুষ্ঠানে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে কৃষি খাতে গবেষণায় বড় সাফল্য এসেছে এবং গবেষণার মাধ্যমে ইরি,বিরিসহ ফসল পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। দেশের স্বাস্থ্য খাতে গবেষণার মাধ্যমে অনুরূপ সাফল্য এখনও পর্যন্ত দেখানো যায়নি। গবেষণার মাধ্যমে কৃষির মতো চিকিৎসা বিজ্ঞানসহ স্বাস্থ্য খাতেও রোগ প্রতিরোধ ও প্রতিকারে অনুরূপ সাফল্য নিশ্চিত করতে হবে।
 
ডা. মো শারফুদ্দিন বলেন, অন্ধত্ব প্রতিরোধে গ্লুকোমা স্ক্রিনিংসহ বিভিন্ন  ফলাফল এরই মধ্যে  প্রকাশিত হয়েছে। ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিংকস ইত্যাদি নিয়ে গবেষণা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশা অনুযায়ী বিএসএমএমইউ-তে গবেষণা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, আশা করি, আগামীতে প্রধানমন্ত্রীর শত কোটি টাকার সমন্বিত গবেষণা প্রকল্প থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসকরা ৫০ কোটি টাকা বরাদ্দ পাবেন।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম-সচিব (চিকিৎসা শিক্ষা অধিশাখা) মল্লিকা খাতুন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বিএসএমএমইউ’র উপাচার্য প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
 
সময়ের আলো/২৭.১১.২৩