সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 10:21 am

হামাসের গ্রহণযোগ্যতা বেড়েছে নাটকীয়ভাবে

গাজায় ইসরায়েলের নিরন্তর বোমা হামলায় হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে হামাস এখন নারী ও শিশুদের ওপর বর্বর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো একমাত্র সশস্ত্র সংগঠন হয়ে উঠেছে।

মার্কিন গোয়েন্দাদের বৃহৎ পরিসরের এক গবেষণায় সম্প্রতি এসব তথ্য উঠে আসে। গবেষণায় অংশ নেওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, সংগঠনটি নিজেদের আরব বিশ্বের বিভিন্ন অংশ ও মুসলিম বিশ্বে ফিলিস্তিন রাষ্ট্রের সুরক্ষাকারী ও ইসরায়েলের বিরুদ্ধে সাফল্যের সঙ্গে লড়াইকারী হিসেবে নিজেদের সফলভাবে প্রতিষ্ঠিত করেছে। গত অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় নারী-শিশুসহ ১ হাজার ২০০ জন নিহত হওয়ার পর থেকে তাদের প্রভাব বাড়তে থাকে।

হামাসের দৃষ্টিতে দক্ষিণ ইসরায়েলে ৭ অক্টোবরের হামলা ছিল একটি সফল অভিযান। তখন থেকে সংগঠনটিকে এর ক্রেডিট দেওয়া হচ্ছে; বিশেষ করে ফিলিস্তিনিদের কারামুক্ত করতে ইসরায়েলের সঙ্গে আলোচনার পর অধিকৃত পশ্চিম তীরে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনিকে মুক্ত করে। তাদের অধিকাংশই পশ্চিম তীরের বাসিন্দা।

মার্কিন সরকারের এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যাপক জনপ্রিয় কোনো সংগঠন ছিল না হামাস। তবে বর্তমানে তারা বেশ জনপ্রিয়। ইসরায়েলে হামলার কারণে গাজার বাইরে হামাসের জনপ্রিয়তা বেড়েছে।

সমকাল ডেস্ক/অনলাইন/

২৪ ডিসেম্বর ২০২৩