-
Facebook
-
Twitter
-
Linkedin
নাসিরকে নিষিদ্ধ করল আইসিসি
অভিযোগ প্রমাণ হওয়ায় এবার আইসিসি সব ধরনের ক্রিকেট থেকে ২ বছরের নিষেধাজ্ঞা পেলেন নাসির। এর মধ্যে ৬ মাসের জন্য এই অলরাউন্ডারকে স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির থেকে উপহার নিয়েছিলেন নাসির। ৭৫০ ডলারের বেশি অর্থমূল্যের সেই উপহার নেয়ার যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারেননি তিনি।
আইসিসির নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন নাসির। এরপর মোট ৩টি ঘটনা নিয়ে তদন্ত শুরু করে আইসিসি। অপরাধ প্রমাণিত হওয়ায় এবার শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি।
এক সময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাসির। ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ১১৫টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৬৯৫ রানের পাশাপাশি ৩৯টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
নাসির হোসেন ২০১১ সালের ১৪ আগস্ট থেকে ২৫ জানুয়ারি ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে ৬৫টি ওয়ানডে, ৩১টি টি-টোয়েন্টি আর ১৯টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন। ব্যাট হাতে দুটি সেঞ্চুরি আর ১৪টি ফিফটির সাহায্যে সংগ্রহ করেন ২ হাজার ৬৯৫ রান। আর বল হাতে আন্তর্জাতিকে ১১৫ ম্যাচে অংশ নিয়ে শিকার করেন ৩৯ উইকেট।