সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:00 pm

৬৪ দেশ থেকে দেখা যাবে বিপিএল ফাইনাল

বিপিএল ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে পৃথিবীর ৬৪টি দেশে।

বিপিএল ফাইনাল নিয়ে উন্মাদনা চরমে। সেই উন্মাদনার রেশ ছড়িয়ে দিতে এবারের বিপিএলের ফাইনালটি দেশের বাইরেও উপভোগের সুযোগ করে দিচ্ছে বিসিবি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বের ৬৪টি দেশ থেকে ফাইনাল উপভোগ করা যাবে। যা বিপিএল সম্প্রচারের নতুন রেকর্ড।

বাংলাদেশে টি স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করছে বিপিএল। এ ছাড়া, অনলাইনে সরাসরি দেখা যাচ্ছে র‌্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপে। অন্যদিকে, ভারতে দেখা যাচ্ছে ফ্যানকোডে। আর পাকিস্তানে সরাসরি সম্প্রচার করবে টেন স্পোর্টস।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে বিপিএল। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে, ওরেডো, ডিইউ এণ্ড মবিলি, ক্রিকবাজ ও ক্রিকলাইফে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে উপভোগ করা যাবে স্টারহাব, অ্যাস্ট্রো ও পিসিসিডব্লিউ ও ক্রিকবাজে।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র‌্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে উপভোগ করা যাবে এবারের বিপিএলের ফাইনাল ম্যাচটি।

সময়ের আলো/১ মার্চ, ২০২৪