সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 9:11 am

বদলে যাবে ঢাকার দক্ষিণাঞ্চল

এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে নাগরিক সেবা যেমন বাড়বে, তেমনি বাড়বে নগরীর সৌন্দর্য। শনিবার এসব প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর চারপাশ ঘিরে নেওয়া রিং রোডের অংশ হিসেবে রায়েরবাজার স্লুইসগেট থেকে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত আট লেনের দৃষ্টিনন্দন সড়ক তৈরির উদ্যোগ নিয়েছে ডিএসসিসি, যেটির নাম দেওয়া হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি’। এ প্রকল্পের জন্য নগরবাসী দীর্ঘদিন অধীর আগ্রহে ছিলেন। মূলত মিরপুর বেড়িবাঁধ থেকে গাবতলী হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত এই রিং রোডের গাবতলী পর্যন্ত বাস্তবায়ন করবে উত্তর সিটি করপোরেশন। রায়েরবাজার থেকে পোস্তগোলা অংশ বাস্তবায়ন করবে ডিএসসিসি। এ প্রকল্পের সঙ্গে পরে যুক্ত করা হবে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যোগাযোগের ব্যবস্থা। আট লেনের সড়কটির পাশে থাকবে ফুটপাত ও ড্রেন। থাকবে তিনটি ওভারপাস। তিনটি ফুট ওভারব্রিজ, ছয়টি বাস বে ও ছয়টি যাত্রীছাউনি। পুরো সড়ককে দৃষ্টিনন্দনভাবে সজ্জিত করা হবে। এ সড়কে গাবতলী থেকে যানবাহনগুলো শহরের বাইরে দিয়ে দ্রুত এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করতে পারবে। বর্তমানে এ সড়কের অবস্থা এতই নাজুক যে, সরু এই সড়ক দিয়ে যাতায়াত করা খুবই যন্ত্রণাদায়ক।

এটির ব্যয় ধরা হয়েছে ৯৭৪ কোটি ৫৮ লাখ টাকা। ২০২৬ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হলে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের গাড়িগুলো রাজধানীতে প্রবেশ না করেই যাতায়াত করতে পারবে। এতে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে আসবে।