-
Facebook
-
Twitter
-
Linkedin
দুই বছরে পদ্মা সেতুতে আয় ১ হাজার ৬৪৮ কোটি টাকা
হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর বনানীতে সেতু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতু দিয়ে ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতুর সুফল ভোগ করছেন দেশের মানুষ। ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছেন। সেতুর টোল থেকে হওয়া আয় দিয়ে ছয় কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা সরকারের অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার সপ্তম কিস্তির ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। দুই বছর আগে এই দিনে পদ্মা নদীর ওপর পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এই পদ্মা সেতু করা হয়েছে। ২৭ জুন গণভবনে সেতু তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিয়েছেন বলেও জানান সেতুমন্ত্রী।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সাধারণ যানবাহন চলাচল শুরু করে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।