-
Facebook
-
Twitter
-
Linkedin
কোপার ফাইনালে মঞ্চ মাতালেন শাকিরা
১৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫ মিনিট। ৫ মিনিটের বেশি সময় ধরে নিজের কয়েকটি গানে নেচেছেন তিনি। কোপার ফাইনালে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই হাইভোল্টেজ ম্যাচকে নিয়ে চলছে উত্তেজনা। শিরোপা লড়াইয়ের ম্যাচটি শুরু হওয়ার আগে এক ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়।
টিকেটবিহীন দর্শকদের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ফাইনাল শুরু হয়। অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।
এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়। যেটি এতদিন সুপার বোলে দেখা যেত। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালের নেচে-গেয়ে বড় অংক বাগিয়ে নিচ্ছে শাকিরা। এতচেগোয়েন জানান, ফাইনালে ৫ মিনিটের মতো পারর্ফম করে ২ মিলিয়ন মার্কিন ডলার পকেটে পুরবেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।
কনমেবলের এমন সিদ্ধান্তে অবাক কলম্বিয়ার কোচ নেস্তর লরেনসো। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আশা করি আপনারা উপভোগ করবেন, শাকিরা অসাধারণ। ফাইনালে যখন বাজে মাঠ বা আবহওয়ার কারণে নিয়ম পরিবর্তন হয়, তখন সেটা দুই দলের জন্য একই। তখন আমি বলতে পারি না এটা খারাপ বা এক পক্ষকে সুবিধা দিচ্ছে। আমি বিষয়টা বুঝতে পারছি না, কিন্তু আমার চাওয়া আগের ম্যাচগুলোর মতোই যদি এটা হতো।’
অথচ কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও ভেনেজুয়েলা শাস্তি পেয়েছিল মাঝবিরতির পর দেরি করে আসায়। এখন কনমেবলই সেটি বাড়িয়েছে। খেলোয়াড়দের রোমাঞ্চে তাতে ভাটা পড়তে পারে বলে মনে করেন কলম্বিয়া কোচ।
লরেনসো বলেন, ‘যখন আমরা ১৬তম মিনিটে মাঠে এসেছি, কনমেবল আমাদেরকে শাস্তি দিয়েছে। কিন্তু এখন যখন একটা শো আছে, আমাদের ২০ মিনিটের সময় আসতে হবে। খেলোয়াড়রা শীতল হয়ে যেতে পারে, সেটা অবশ্য দুই দলের জন্যই। আমি আজকে জানতে পারলাম যে ব্যাপারটা এমন।’