সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 6:01 am

বাংলাদেশে নজর রাখছে আইসিসি

নিরাপত্তা ব্যবস্থার ওপর নজর রাখছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। এমনিতে সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাৎ করেই সব পাল্টে গেছে কোটা সংস্কার আন্দোলনের কারণে। এই আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সংঘর্ষের সৃষ্টি হয়। যার ফলে বাংলাদেশের পরিস্থিতিতে নজর রাখছে আইসিসি। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর ও প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল পাঁচ দিন। এতেও পরিস্থিতি সামাল দিতে না পারায় জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী।

বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে শঙ্কিত আইসিসি। গত ১৯ থেকে ২২ জুলাই আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়। এই সভায় আলোচনার অংশ ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। এ নিয়ে আইসিসির একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, আইসিসি নজর রাখছে বাংলাদেশের পরিস্থিতির ওপর। তবে সময় গড়ানোর সঙ্গে পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। কলম্বোর সভা শেষে নাম প্রকাশ না করে আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি। যদিও টুর্নামেন্ট শুরু হতে কিছুটা সময় বাকি আছে। পরিস্থিতি গত ২৪ ঘণ্টায় আরও উন্নতি হয়েছে।’

আগামী ৩ অক্টোবর পর্দা উঠবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দুই ভেন্যু ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ১০ দলের এই টুর্নামেন্টের সব ম্যাচ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।