সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:18 pm

শুটিংয়ে চীন-কোরিয়ার দাপট

তবে দিনের প্রথম স্বর্ণ পদকটা গেছে দক্ষিণ কোরিয়ার ঘরে। এরপর চীনের শুটাররা দেখিয়েছে তাদের মুন্সিয়ানা।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে দক্ষিণ কোরিয়াকে পদক এনে দিয়েছেন ১৬ বছর বয়সি স্কুলপড়ুয়া ছাত্রী বান হিওইন। অলিম্পিকের ইতিহাসে ওই ইভেন্টে যা রেকর্ড, এত কম বয়সে কেউ স্বর্ণ জিততে পারেননি। পদক প্রাপ্তির পর দক্ষিণ কোরিয়ান তরুণী জানান, ‘শেষ দুই শটে আমি এত কাছাকাছি যাব ভাবিনি। এরপর স্বর্ণ জেতার সুযোগ কাজে লাগানোর চ্যালেঞ্জ ছিল। সে জন্য শেষ শটে আমি পূর্ণ ফোকাস রেখেছি।’ এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের অড্রি গোগনিয়াট।

অন্যদিকে শ্যাং লিহাউকে নিয়ে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দ্বৈত ইভেন্টে শনিবার চীনকে সোনালি শুরু এনে দেওয়া হুয়াং ইউতিং ০.১ পয়েন্ট পিছিয়ে পড়ে স্বর্ণ জিততে পারেননি নারী এককে। রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। খেলা শেষে দিনটা তার ছিল না জানিয়ে হুয়াং বলেছেন, ‘গতকাল (রোববার) বাছাইয়ে আমি খুব একটা ভালো করতে পারিনি। কিন্তু আমি নিজেকে শুধু ফোকাস রাখতে চেয়েছি। মানসিকতা ঠিক রাখার জন্য যা করতে হবে সামনে তাই করব।’

সব অলিম্পিক মিলিয়ে শুটিং থেকে দক্ষিণ কোরিয়ার শততম স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ১৭ বছর বয়সি হুয়াংয়ের কাছে বড় পরীক্ষাই দিতে হয়েছে হিওইনকে। মূল লড়াইয়ে দুজনের স্কোর ছিল সমান ২৫১.৮ পয়েন্ট। এরপর শুট-অফে নিষ্পত্তি হয় স্বর্ণ পদকের ভাগ্য। সেখানেই হার দেখেছেন হুয়াং। অল্পের জন্য তিনি পেরে না উঠলেও ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষদের এককে ঠিকই সোনালি হাসি হেসেছেন শ্যাং লিহাউ। টোকিও অলিম্পিকে ১০ মিটার রাইফেলসে রৌপ্য পাওয়ার ক্ষত নিয়ে প্যারিসে এসেছিলেন চীনের এই শুটার। এবার তিনি আক্ষেপ ভুলেছেন জোড়া স্বর্ণ জিতে।

হুয়াংকে নিয়ে মিশ্র দ্বৈতে অনায়াসে জিতলেও ব্যক্তিগত এককে লিহাউয়ের কাজটা সহজ ছিল না। বড় বাধা হিসেবে ছিলেন সুইডিশ বিশ^চ্যাম্পিয়ন ভিক্টর লিন্ডগ্রেন। তবে সব শঙ্কাকে দূরে ঠেলে অলিম্পিকের রেকর্ড স্কোর ২৫২.২ পয়েন্ট নিয়ে স্বর্ণ জিতেই ক্ষত মুছলেন লিহাউ। ২৫১.৪ পয়েন্ট নিয়ে অলিম্পিক অভিষেকে রৌপ্য পেয়েছেন লিন্ডগ্রেন ও ২৩০.০ পয়েন্ট নিয়ে বোঞ্জ জিতে ক্রোয়েশিয়ার পদকের খাতা খুলেছেন মিরান মারিচিচ। সুইডিশ বিশ^চ্যাম্পিয়ন ভিক্টর অসহায় দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখেছেন অন্যদের জয়োৎসব।

প্যারিস অলিম্পিকে প্রথম অ্যাথলেট হিসেবে দ্বিতীয় স্বর্ণ পদক জয়ের পর লিহাউ বলেছেন, ‘খুব খুশি। আমি সত্যিই খুব খুশি। আশা করছি উন্নতির ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও বেশি পদক জিততে পারব।’ বিশ্বের সবথেকে বড় ক্রীড়া আসরে পাওয়া সাফল্য কীভাবে উদযাপন করতে চান, এমন প্রশ্নে লিহাউ কিছুটা বিব্রতই হয়েছেন। তবুও যোগ করেন, ‘আমি জানি না। আবেগের বশে সেই মুহূর্তটি হারিয়েছি কিন্তু আমি খুশি।