সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 12:00 pm

পর্দা উঠল ভেনিস উৎসবের

গ্র্যান্দে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের পর্দা উঠেছে। গতকাল বাংলাদেশ সময় রাত ১০টায় তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উৎসবটির পরিচালক আলবের্তো বারবেরা জানিয়েছেন ‘গত বছরের দীর্ঘ ধর্মঘটের পর ভেনিসে ফেরার জন্য সবাই সত্যিই খুব আগ্রহী। তাই আমি মনে করি, আমরা সর্বকালের সবচেয়ে কোলাহলপূর্ণ লালগালিচা উপভোগ করতে যাচ্ছি। প্রযোজনা-পরিবেশনা সংস্থা সবার ব্যয় মেটাতে না পারায় অনেকে নিজ খরচায় টিকেট ও হোটেল ভাড়া দিয়ে উৎসবে আসছেন।’

এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে থাকছেন অ্যাঞ্জেলিনা জোলি, ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, লেডি গাগা, ওয়াকিন ফিনিক্স, ড্যানিয়েল ক্রেগ, নিকোল কিডম্যান, টিল্ডা সুইনটন, আড্রিয়েন ব্রডিসহ অনেকে। এবারের আসরের উদ্বোধনী চলচ্চিত্র টিম বার্টনের ‘বিটলজুস বিটলজুস’। এর অভিনয়শিল্পী মাইকেল কিটন, উইনোনা রাইডার, মনিকা বেলুচ্চি, উইলেম ড্যাফো, জেনা ওর্তেগা লালগালিচায় হাঁটবেন। ১৯৮৮ সালের ভৌতিক কমেডি ‘বিটলজুস’-এর বহুল কাক্সিক্ষত সিক্যুয়েল এটি। প্রতিযোগিতার বাইরে ‘বিটলজুস বিটলজুস’-এর মতো তারকাবহুল কয়েকটি চলচ্চিত্র রয়েছে। এর মধ্যে ‘উলফস’ ছবিতে অভিনয় করেছেন জর্জ ক্লুনি ও ব্র্যাড পিট। ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জয়ের জন্য এবারের আসরে লড়বে ২১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য টড ফিলিপসের ‘জোকার : ফোলি আ দোঁ’ (ওয়াকিন ফিনিক্স, লেডি গাগা), পাবলো লারাইনের ‘মারিয়া’ (অ্যাঞ্জেলিনা জোলি), লুকা গুয়াদানিনোর ‘কুইয়ার’ (ড্যানিয়েল ক্রেগ), স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভারের প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘দ্য রুম নেক্সট ডোর’ (জুলিয়ান মুর, টিল্ডা সুইন্টন)।

মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ইজাবেল উপার। ৭১ বছর বয়সি এই ফরাসি অভিনেত্রীর নেতৃত্বে বিচারক প্যানেলে থাকছেন চীনা অভিনেত্রী জ্যাং জিয়ি, আমেরিকান পরিচালক জেমস গ্রে, ব্রিটিশ পরিচালক অ্যান্ড্রু হেইগ, পোলিশ পরিচালক আগনিয়েস্কা হলান্ড, ব্রাজিলিয়ান পরিচালক ক্লেবার মেনদোনচা ফিলু, মরিটানিয়ান পরিচালক আবদের রহমান সিসাকো, ইতালিয়ান পরিচালক জিউসেপ্পে তোরনাতোরে ও জার্মান পরিচালক ইউলিয়া ফন হাইঞ্জ।

উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন ইতালিয়ান অভিনেত্রী এজভেভা আলভিতি। আজীবন সম্মাননা হিসেবে স্বর্ণসিংহ পাবেন তিনবার অস্কার মনোনীত আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার ও অস্ট্রেলিয়ান পরিচালক পিটার ওয়্যার। উৎসব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।