সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:54 am

বাফুফে ছাড়লেন সালাউদ্দিন

দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। ১৬ বছর সভাপতির দায়িত্ব পালনের পর বাফুফে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন তিনি। যদিও কয়েক দিন আগে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে আকস্মিক এক সংবাদ সম্মেলন ডাকেন ২০০৮ থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘২৬ অক্টোবরের নির্বাচন পেছানোর দাবি ছিল কিছু লোকজনের। আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। তারাও আমাদেরকে চিঠির উত্তর দিয়ে দিয়েছে। জানিয়েছে, কোনোভাবেই নির্বাচন পেছানো যাবে না। এই নির্দেশনা তারা দিয়েছে। চিঠির কপি আপনাদেরকে (সাংবাদিক) দিয়ে দেবো।’

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন নিয়ে সাবেক এই ফুটবলার বলেন, ‘আমার বিষয়ে যেটি বলতে এসেছি তা হলো, আগামী নির্বাচনে আমি প্রতিযোগিতা করবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার সাথে ১৬ বছর কাজ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই সময়ে আপনাদের সঙ্গে অনেক ভুল বোঝাবোঝি হয়েছে। এটা হতেই পারে। এ নিয়ে কিছু মনে রাখিনি। আশা করি, আপনারাও কিছু মনে রাখবেন না। আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ।’

এসময় তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আরও উন্নতি কামনা করে বলেন, ‘আমার মনে খুশি লাগছে একটা কারণে যে, সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০- এ চ্যাম্পিয়ন হয়েছি।’

৫ আগস্ট সরকার পতনের পর বাংলাদেশের ফুটবল–সমর্থকদের সংগঠন ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ সালাহউদ্দিনের পদত্যাগের দাবি তোলে। সংগঠনটি বিক্ষোভের পাশাপাশি কাজী সালাহউদ্দিনকে পদত্যাগের আলটিমেটামও দেয়। তবে সেই আলটিমেটামকে গুরুত্ব না দিয়ে সালাউদ্দিন জানিয়েছিলেন, তিনি পদত্যাগ তো করবেনই না, বরং আবার বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন। সেই ঘোষণার এক মাস পর নিজের অবস্থান বদলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন সালাহউদ্দিন।

উল্লেখ্য, ২০০৮ সালে সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরীকে হারিয়ে প্রথমবার বাফুফে সভাপতি হন সালাহউদ্দিন। এরপর ২০১২ সালে আবার সালাহউদ্দিন সভাপতি নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৬ সালের নির্বাচনে তিনি প্রবল বিরোধিতার মুখে পড়েন, তবে শেষ পর্যন্ত কামরুল আশরাফ খানকে হারিয়ে বাফুফেতে নিজের সিংহাসন ধরে রাখেন সালাহউদ্দিন। সবশেষ ২০২০ সালের নির্বাচনে বাফুফের প্রাক্তন সহ-সভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায় এবং সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিককে হারিয়ে আবার সভাপতি পদে নির্বাচিত হন কাজী সালাহউদ্দিন।