-
Facebook
-
Twitter
-
Linkedin
নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরাইলি গ্রেফতার
নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে দেশটির এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই পরিকল্পনার পেছনে ইরান জড়িত বলে দাবি করেছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ইসরাইলের গোয়েন্দা সংস্থার দাবির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
ইসরাইলের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির অন্য শীর্ষ কর্মকর্তাদের হত্যাচেষ্টায় ইরানি চক্রান্তের সঙ্গে জড়িত সন্দেহে এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তি দুইবার গোপনে ইরানে গিয়েছিলেন এবং মিশন সম্পন্ন করার জন্য অর্থ নিয়েছেন। সন্দেহভাজন ব্যক্তি একজন ব্যবসায়ী। তিনি তুরস্কে বসবাস করতেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে গত মাসে। তার লক্ষ্য ছিল, ইসরাইলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান। বিবিসি জানিয়েছে, গত মাসে তাকে গ্রেফতার করা হলেও সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি।
চলতি বছর এপ্রিল ও মে মাসে এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সঙ্গে সাক্ষাৎ করতে দুইবার তুরস্কে যান সন্দেহভাজন ওই ব্যক্তি। ওই সময় তুরস্কের দুই নাগরিক তাকে সাহায্য করেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
দুইবারই এডির ইরান ছাড়তে সমস্যা হওয়ায় ওই ইসরাইলি নাগরিক চোরাপথে নিজেই তুর্কিয়ে থেকে ইরান যান। সেখানে এডি ছাড়াও ইরানের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এডি ওই সন্দেহভাজনকে ইসরাইলের ভেতরে ইরানের জন্য বিভিন্ন নিরাপত্তা মিশন পরিচালনার নির্দেশ দেন বলেও উল্লেখ করা হয় বিবিসির প্রতিবেদনে।
এদিকে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে। তবে গাজায় যুদ্ধবিরতি এখনও অনিশ্চিত এবং প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদ শেষের পথে থাকায় ওয়াশিংটনের পদক্ষেপ সীমিত হয়ে পড়েছে। মার্কিন নির্বাচনের ছয় সপ্তাহ আগে বাইডেন প্রশাসন আবারও মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকির মুখে পড়েছে।