সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 11:16 am

নতুন সিইসি ও ইসিদের শপথ দুপুরে

কমিশনার (ইসি) শপথ নেবেন আজ। রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ৫ আগস্ট। এরপর নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জোরদার হয়। এ পরিস্থিতিতে ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর আড়াই মাস পর নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এ এস এম মো. নাসির উদ্দীন। তার সঙ্গে চার নির্বাচন কমিশনারের নামও ঘোষণা করা হয়েছে। ওই চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহ্‌মদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের নিয়োগ দেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ এর অধীনের নতুন ইসি গঠনে ৩১ অক্টোবর এ সার্চ কমিটি গঠন করা হয়। আইনে বেধে দেওয়া যোগ্যতা, অযোগ্যতা অভিজ্ঞতা, দক্ষতা ও সুনাম বিবেচনা করে সিইসি ও নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম জমা দেয় এই কমিটি।

সার্চ কমিটি প্রস্তাবিত তালিকা থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাদের মেয়াদ পাঁচ বছর।

নতুন এই নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা হবে এই নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় এই কমিশনকে থাকতে হবে অধিকতর তৎপর।