সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:20 am

প্রথমবারের মতো সেরা দশে মেহেদী

ক্যারিবীয় সফরে দুর্দান্ত একটি টি-টোয়েন্টি সিরিজ কাটিয়েছে টাইগাররা। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন ঈর্ষণীয় সাফল্যের নৈপথ্যে বড় অবদান রেখেছিলেন বোলাররা। এবার সেই সাফল্যের সুখবর পেলেন তারা।

একসঙ্গে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ের মাইলফলক ছুঁয়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন মেহেদী। তার ঠিক পরেই তাসকিনের নাম। এ ছাড়া সেরা পঁচিশের মধ্যে আছেন রিশাদ ও হাসান।

এই চারজনের পাশাপাশি তানজিম হাসানও উঠেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচায় ৮ উইকেট নেন মেহেদী। পাশাপাশি ব্যাট হাতে ৩৭ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন ৩০ বছর বয়সি অলরাউন্ডার। এই পারফরম্যান্সের ছাপ পড়েছে র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ১০ নম্বরে উঠেছেন মেহেদী। তার নামের পাশে ৬৩৬ রেটিং পয়েন্ট। তিন ম্যাচে ওভারপ্রতি সাত রানের কম খরচায় ৭ উইকেটে নিয়ে তাসকিনও এগিয়েছেন ১৩ ধাপ। ৬৩০ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বর।

একই সিরিজে ওভারপ্রতি ছয়ের কম রান দিয়ে ৬ উইকেট নেন রিশাদ। তিনি ২১ ধাপ এগিয়ে এখন ৬২১ রেটিং নিয়ে আছেন ১৭ নম্বরে। ওভারপ্রতি মাত্র ৫.০৮ রান খরচায় ৪ উইকেট নেওয়া হাসান এগিয়েছেন ২৩ ধাপ। ৫৯৭ রেটিং নিয়ে তিনি এখন ২৪ নম্বরে। আরেক পেসার তানজিম ১৬ ধাপ এগিয়ে ৫১৭ রেটিং নিয়ে স্কটল্যান্ডের মার্ক ওয়াটের সঙ্গে যৌথভাবে ৪৫ নম্বরে অবস্থান করছেন। ছুটি নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে না যাওয়ায় সাত ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এই তালিকায় শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন মেহেদী। ১০ ধাপ লাফিয়ে ৩০ নম্বরে অবস্থান করছেন তিনি। বোলারদের মতো এই তালিকায়ও বাংলাদেশিদের মধ্যে তিনিই সবার ওপরে। এই তালিকার এক নম্বরে ভারতের হার্দিক পান্ডিয়া। ব্যাটসম্যানদের মধ্যে সেরা ত্রিশে নেই বাংলাদেশের কেউ। এক নম্বর জায়গা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।