-
Facebook
-
Twitter
-
Linkedin
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই, কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি
কুড়িগ্রামে এখনো সূর্যের দেখা নেই। পড়ছে কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। ঠান্ডায় জুবুথুবূ হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল বাতাসে শীতকষ্টে পড়েছে মানুষজন।
বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
কনেকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবি মানুষেরা। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে সমগ্র জেলা।
এদিকে শীত নিবারনে জেলার ৯ উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। তা বিতরণ চলমান রয়েছে।
জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের ঘোড়ার গাড়ি চালক মঈনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ অঞ্চলে সূর্যের দেখা নাই। কুয়াশার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, খুব ঠান্ডা, গাড়ি চালায় যায় না। খুব কষ্টে আছি আমরা।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত দেড় মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস উঠানামা করছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সময়ের আলো/৮ জানুয়ারি, ২০২৫