-
Facebook
-
Twitter
-
Linkedin
১২ ছিনতাইকারী আটক,কক্সবাজারে নিরাপত্তা জোরদার
কক্সবাজার শহর জুড়ে এখন ছিনতাই আতঙ্ক। প্রতিদিনই ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারাচ্ছেন পর্যটক ও স্থানীয়রা। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে শহর দাপিয়ে বেড়ানো ১২ জন দুর্র্ধষ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া বেশ কয়েকটি মোবাইল ফোন, মানিব্যাগ, ধারালো অস্ত্র এবং অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাতভর কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, কক্সবাজার সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে শহরের বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে একাধিক ছিনতাইকাজে জড়িত ১২ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে পুলিশ তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনদের সহায়তায় কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে ১২জন ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতাররা সবাই পেশাদার ছিনতাইকারী।
শুক্রবার রাতে শহরের জেলগেট সংলগ্ন চুইজাল রেস্টুরেন্টের সামনে ৪/৫জনের একদল ছিনতাইকারী পরিকল্পিতভাবে এক সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে এক ব্যক্তির কাছ থেকে দুই লাখ ৭৫ হাজার টাকা, একটি ডায়মন্ড এর রিং (যার মূল্য অনুমান ৫৫হাজার) একটি মোবাইল ফোন অন্যান্য সরঞ্জামাদি ছিনিয়ে নেয়। তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, শহরের টেকপাড়ার তানভীর হোসেন প্রঃ পেটান প্রঃ আজাদুর রহমান (২২), পাহাড়তলী ইসলামপুরের মোঃ ইসমাইল (২০), কালুরদোকান ইসুলের ঘোনার ইমরান সরোয়ার ইমন (২১), টেকপাড়া বার্মিজ মার্কেটের মোঃ ইরফান ফারদিন (২০), মহেশখালীর কুতুবজুম খন্দকার পাড়ার সিহাব উদ্দিন প্রকাশ খোকন (২৯), শহরের সমিতিপাড়ার মোঃ সোহেল (২৮), বৌদ্ধ মন্দির এলাকার সুমন কান্তি দাশ (২৫), নতুন বাহারছড়ার মো: হান্নান (১৯), পিটি স্কুল সমিতি বাজার, পল্লান কাটার সাইফুল ইসলাম (২৪), পিটি স্কুল রুমালিয়ারছড়ার মোঃ শাহীন প্রকাশ বুলেট (২২), বাহারছড়ার হাসান মাহমুদ সাগর প্রঃ ভিকি প্রঃ বিগি (২৬) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মিজবাউল হক মুন্না (২২)।
তাদের বিরুদ্ধে ছিনতাইসহ নানা অপরাধের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের চক্রের অন্যান্য সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং চক্রটির গোটা কার্যক্রম বন্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
যাযাদি/ ২৫ জানুয়ারি ২০২৫