সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:19 am

পাসপোর্টের ফটোকপি ছাড়া এয়ার টিকিট বুকিং করা যাবে না

এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট কপি ব্যতীত যাতে এয়ার টিকিট বুকিং করা না যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। বুকিং করা টিকিট বুকিংয়ের পরবর্তী ৩ দিনের (৭২ ঘণ্টা) মধ্যে ইস্যু না হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সেই টিকিট বাতিল নিশ্চিত করবে। এয়ার টিকিটের ভাড়া বৃদ্ধি রোধে এমন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জারি করা পরিপত্রে বলা হয়েছে অনতিবিলম্বে গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংকালে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এরূপ টিকিটসমূহ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করবে।

গ্রুপ-বুকিং এর ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করতে হইবে এবং মন্ত্রণালয় তা জনগণের অবগতির জন্য নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। সকল প্রকার এয়ার টিকিট অনলাইনে বিক্রয়ের ব্যবস্থা করতে হইবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে।

এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ আবশ্যিকভাবে বেসামরিক বিমান চলাচল বিধিমালা, ১৯৮৪ এর বিধি ২৮৯ এ বর্ণিত বাধ্যবাধকতা অনুযায়ী যথাযথভাবে এর বিধান প্রতিপালন করবে এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অনুমোদিত ববিচকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে। এয়ারলাইন্স কিংবা ট্রাভেল এজেন্সিসমূহ সংশ্লিষ্ট বিমানসংস্থা কর্তৃক বেবিচক বরাবর দাখিলকৃত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকিট বিক্রয় করা হতে বিরত থাকবে। একইসাথে ট্রাভেল এজেন্সিসমূহ বাধ্যতামূলকভাবে যাত্রীকে এয়ারলাইন্স হইতে প্রাপ্ত মূল্য-সম্বলিত টিকিট প্রদান এবং উক্ত টিকিট বিক্রয়ের রশিদ প্রদান করবে। চাহিদা না থাকা সত্ত্বেও কিংবা চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্টের মাধ্যমে এয়ার টিকিট বিক্রির কারণে টিকিটের মূল্য বৃদ্ধি পেলে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর বিধি-১৫ অনুযায়ী মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত/ বাতিল করা হবে। বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিসমূহ ওয়ার্ক ভিসা নিয়ে বিদেশগামী শ্রমিক, কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে। মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমানোর জন্য আগামী সাত দিনের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সকল এয়ারলাইন্স ও বোর্ড অব এয়ারলাইন্স রিপ্রেজেন্টেটিভস (বিএআর) পদক্ষেপ গ্রহণ করবে। অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রয় বন্ধ করতে হবে।

সময়ের আলো/১১ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - জাতীয় সংবাদ