সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

June 30, 2026 12:14 pm

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে অবস্থানের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের প্রেস ক্লাবে ফিরিয়ে দেয়৷ এ ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে দায়িত্বরত পরিদর্শক কায়সার বলেন, বিগত সরকারের সময় চাকরি হারানো পুলিশের বেশকিছু কনস্টেবল তাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটের সামনে এসেছিল। তাদের সরিয়ে দেওয়া হয়েছে।

চাকরিচ্যুত পুলিশ সদস্য ইমরানকে ধরে নিয়ে যাওয়ার সময় তিনি বলেন, অন্যায়ভাবে বিগত সরকারের আমলে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই সরকারের কাছে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছি। আজ আমাদের কেন ধরে নিয়ে যাচ্ছে, আমরা জানি না।

শাহবাগ থানার ইন্সপেক্টর অপারেশন মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। আটকের বিষয় পরে জানানো হবে।

সমকাল/১৩ ফেব্রুয়ারি ২০২৫

আরও - জাতীয় সংবাদ