সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

August 15, 2026 5:11 am

নতুন ছাত্র সংগঠনের ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নতুন ছাত্র সংগঠন নিয়ে আসছে কোটা আন্দোলনে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে ধারণ করে গঠিত হবে এই ছাত্র সংগঠন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

বাকের বলেন, নতুন এই ছাত্রসংগঠনটি লেজুড়বৃত্তিক হবে না; স্বতন্ত্রভাবে কাজ করবে। নতুন ছাত্র সংগঠনের নীতি-আদর্শ হবে ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। আত্মপ্রকাশ করার আগে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জনমত জরিপ করব। সেখান থেকে এই ছাত্রসংগঠনের নামসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করে ছাত্রসংগঠনটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

এ সংগঠনের মধ্যদিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাজন ঘটলো কি না জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, আন্দোলন চলাকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল, ছাত্রশিবির, বাম ছাত্র সংগঠনসহ একাধিক ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছিলেন। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে সবাই তাদের নিজস্ব সংগঠনে ফিরে গেছে। কিন্তু এর বাইরে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থী এসেছিলো যারা কোনো সংগঠনের না। তাদের তো এখন কোনো যাওয়ার জায়গা নাই। সেই দিকটা বিবেচনা করেই আমরা একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভাজন হয়নি বা এখানে অনুমতি নেওয়ার তেমন কিছু নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, সেখানে আমাদের আহবায়ক কমিটির কোনো সদস্য ছিল না। তবে এখানে এ ধরনের কোনো দ্বন্দ্ব নাই। যেহেতু রাজনৈতিক দল গঠনের আগে ছাত্র সংগঠন গঠনের কথা বলা হয়েছে তাই সবার সম্মতিতেই এটি হয়েছে।

সময়ের আলো/ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - জাতীয় সংবাদ