সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:32 am

সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জে ছত্রভঙ্গ মার্চ ফর খিলাফত, থমথমে পল্টন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের পূর্ব ঘোষিত ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি পন্ড করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) জুম্মার নামাজের পর কয়েকশত হিযবুত তাহরীরের সদস্য নাইটিংগেল মোড় থেকে মিছিল বের করে পুরানা পল্টন মোড়ের কাছাকাছি আসলেই অ্যাকশনে যায় পুলিশ। মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পল্টন ও বায়তুল মোকাররম মসজিদের আশপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। চারিদিকে অতিরিক্ত পুলিশ, র‌্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে।

এর আগে আজ শুক্রবার জুমার নামাজের পর পুলিশের বাধা অতিক্রম করে ‘মার্চ ফর খিলাফত’ ব্যানারে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। রাজধানীর পুরনো পল্টনে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে তারা।

তাদের কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিল। এত নিরাপত্তার মধ্যেও বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে পুরানো পল্টনের দিকে যায় সংগঠনের সদস্যরা।

শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলেও তা অতিক্রম করে মিছিল নিয়ে এগোতে থাকে তারা। দুপুর ২টার দিকে মিছিলটি বিজয় নগর এলাকায় অবস্থান করে।

হিযবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফত’ নিয়ে পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানিয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

২০০৯ সালের ২২ অক্টোবর তৎকালীন সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে সাম্প্রতিক সময়ে সংগঠনটি আবার প্রকাশ্যে কার্যক্রম চালাতে শুরু করেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকে তারা নানা দাবিতে মিছিল ও গোলটেবিল বৈঠক করেছে, এমনকি চট্টগ্রামেও কর্মসূচি পালন করেছে।

আজ শুক্রবার সংগঠনটি রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ঘোষণা দেয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা প্রচারণা চালায়।

সময়ের আলো/৭ মার্চ, ২০২৫

আরও - জাতীয় সংবাদ