সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 4:34 am

উত্তরায় বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, এ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৯ জন এবং ৭০ জনের বেশি দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।

সোমবার (২১ জুলাই) দুপুরে ওই মর্মান্তিক দুর্ঘটনার সময় স্কুল ছুটির পরপরই শিক্ষার্থীরা বের হচ্ছিল। কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের মূল ফটকের কাছেই বিমানটি বিধ্বস্ত হয়। তখন অনেকেই বেরিয়ে যাচ্ছিল, কিন্তু অনেকে এখনো ভবনের ভেতরে অবস্থান করছিল। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া ২ প্লাটুন বিজিবি সদস্য ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাসহ উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে উত্তরা, টঙ্গী, মিরপুর, কুর্মিটোলা, পল্লবী ও পূর্বাচল ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে কাজ করছে।

বিমানে থাকা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর একাই ছিলেন। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, মুহূর্তেই ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইএসপিআরের বরাতে জানা গেছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।


২১ জুলাই, ২০২৫

আরও - জাতীয় সংবাদ