সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:15 am

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ হতে হবে। আর জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচনে যেই সরকার গঠন করুক এ সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে।

মঙ্গলবার (২৯ জুলাই) এনসিপির দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি সড়কে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর কোনো বিকল্প আমরা দেখতে চাই না। সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে। আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যবদ্ধ হলে হবে না। কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে।

তিনি বলেন, ৯০ এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। সেই রূপরেখা কোনো দল মানেনি। ফলে আমরা এবার কোনো প্রতারণার সুযোগ দেব না।
এনসিপির আহ্বায়ক বলেন, আমরা আশা করব, ৫ আগস্টের মধ্যে সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে। আমাদের যে আকাঙ্ক্ষিত গণঅভ্যুত্থানের এক বছর, আমরা সকলে এক সাথে সেলিব্রেট করতে পারব। বিজয় উদযাপন করতে পারব।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এযুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আলি নাসের খান, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, কেন্দ্রীয় আহ্বায়ক সংগঠক এমএম সোহাইন, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম প্রমুখ।

সময়ের আলো/২৯ জুলাই ২০২৫

আরও - জাতীয় সংবাদ