-
Facebook
-
Twitter
-
Linkedin
প্রথম রোজাতেই চড়া পেঁয়াজের দাম
রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়েছে পেঁয়াজের চড়া দাম। সরবরাহ সীমিততা, পাইকারি দাম বৃদ্ধি এবং রোজার চাহিদা মিলিয়ে মাত্র কয়েক দিনের মধ্যে কেজিতে ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারসহ রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা গেছে, ছোট আকারের পেঁয়াজও এখন ৫৫ টাকার নিচে পাওয়া যাচ্ছেনা। ভালো মানের পেঁয়াজের জন্য ক্রেতাদের অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।
খুচরা বিক্রেতা হাসান মাহমুদ জানান, ‘গত দুই-তিন দিন ধরে দাম বাড়ছে। মৌসুমের শেষের দিকে সরবরাহ কমে যাচ্ছে, পরিবহন খরচ বেড়েছে এবং রমজানকে কেন্দ্র করে পাইকারি চাহিদা বেড়েছে- সব মিলিয়ে খুচরা বাজারেও দাম বেড়ে গেছে।’
অনেক দোকানদার অভিযোগ করছেন, পাইকারি বাজারে বেশি দামে পেঁয়াজ কিনতে হওয়ায় তারা বাধ্য হয়ে খুচরা পর্যায়ে দাম বাড়াতে হচ্ছে। আগের তুলনায় মোকামে পেঁয়াজের দাম একাধিক ধাপে বৃদ্ধি পেয়েছে, তাই সমন্বয় ছাড়া বিকল্প নেই।
ক্রেতা মারুফ হোসেন বলেন, ‘রমজান এলেই ব্যবসায়ীরা ক্রেতাদের পকেট কেটে নেয়। গত সপ্তাহে আমি দুই কেজি পেঁয়াজ কিনেছি ১০০ টাকায়, আজ দাম চাচ্ছে ১২০-১৩০ টাকা।’
রিকশাচালক মো. শুক্কুর আল আমিন বলেন, ‘ভ্যানগাড়ি থেকে দুই দিন আগে ৫০ টাকায় কিনেছিলাম। আমাদের ছোট পরিবার, সপ্তাহখানেক চলে যাবে। তারপর তো বেশি দামেই কিনতে হবে। রোজার সময় দাম বাড়বে এটা তো জানা ছিলই।’
রাজধানীর ক্রেতাদের জন্য রমজানের শুরুতে পেঁয়াজের চড়া দামের বিষয়টি নতুন নয়, তবে এ অবস্থায় সাধারণ মানুষকে বাজেট সামলাতে এখনই সতর্ক থাকতে হচ্ছে।
সময়ের আলো/
১৯ ফেব্রুয়ারি ২০২৬