-
Facebook
-
Twitter
-
Linkedin
ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ৫৫ জন আহত হয়েছেন। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরি পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। একই সময়ে গ্রাহক ফোরামের সদস্যরা কর্মসূচি পালন করতে সেখানে গেলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
গ্রাহক ফোরামের দাবি, চাকরিচ্যুত ব্যক্তিরাই প্রথমে তাদের কর্মসূচিতে হামলা চালান। সংগঠনটির সভাপতি অধ্যাপক নুর নবী মানিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে তারা দাবি করেছে।
নুর নবী মানিক বলেন, ‘অবৈধ নিয়োগপ্রাপ্তদের সঙ্গে ব্যাংকের কোনো সম্পর্ক নেই। ব্যাংকটির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করতে তারা অবস্থান নিয়েছেন। আজ যখন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি, তখন পুলিশের ছত্রচ্ছায়ায় হামলা চালানো হয়েছে।’
অন্যদিকে চাকরিচ্যুতদের পক্ষের শহিদুল ইসলাম দাবি করেন, গ্রাহক ফোরামের সদস্যরাই তাদের ওপর হামলা করেছেন। তার দাবি, ২০ থেকে ২৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন।
ঘটনার পর গ্রাহক ফোরাম হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থে তারা সাত দফা দাবিতে কর্মসূচি পালন করছে।
এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ বলেন, বর্তমানে চাকরিচ্যুতরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাহিনী প্রস্তুত রয়েছে।
সময়ের আলো/এমকে
১৪ সেপ্টেম্বর, ২০২৬
আরও - জাতীয় সংবাদ
তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ ও অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক
দেশের প্রতিটি উপজেলায়
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস : তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান