সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 9:16 am

মেট্রোরেলের নতুন এমডি ফারুক আহমেদ

মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করেন। মেট্রোরেলের তিনি প্রথম এমডি, যিনি প্রশাসন ক্যাডারের বাইরে থেকে এ পদে এলেন।

ডিএমটিসিএল জানায়, প্রকৌশলী ফারুক আহমেদ পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ এবং পরিচালনার বিভিন্ন পর্যায়ে সুদীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন। তিনি একটি প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এ পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া এবং হংকংসহ বিভিন্ন দেশে ৩৭ বছরের কর্মজীবনের মধ্যে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, মেট্রোরেলের এমডি পদে দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি আবেদনকারীদের মধ্য থেকে সাতজনকে বাছাই করেন। এরপর ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোস্টেশন চালু করার কাজেও তিনি যুক্ত ছিলেন।

এর আগে আওয়ামী লীগ সরকার আমলাদের সুবিধার জন্য এমডি নিয়োগের মূল শর্ত পরিবর্তন করে। তখন যোগ্যতার শর্ত হিসেবে ‘যোগাযোগ খাতের সাবেক সচিব’ হওয়া বাধ্যতামূলক করা হয়। এর ফলে ২০১৬ সালের অক্টোবরে সদ্য বিদায়ী সড়ক পরিবহন সচিব এম এ এন ছিদ্দিক ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পান এবং গত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অতিরিক্ত সচিব আবদুর রউফকে দায়িত্ব দেয় এবং স্থায়ী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ফারুক আহমেদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৫ সালে ইউনিভার্সিটি অফ ম্যাকাও থেকে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, সিডনি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।


সময়ের আলো/২০ ফেব্রুয়ারি, ২০২৫

আরও - জাতীয় সংবাদ