-
Facebook
-
Twitter
-
Linkedin
ঢাকার যেসব এলাকায় চলবে ই-রিকশা
আগস্ট মাস থেকে রাজধানীতে চলবে ব্যাটারিচালিত ই-রিকশা। ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার ই-রিকশা।
শনিবার (২৮ জুন) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) তিন চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত ই-রিকশার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানান।
তিনি বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা। সড়কের ৩২ শতাংশ দুর্ঘটনা ঘটে এসব অটো রিকশার কারণে। তাই নিরাপদ বাহন হিসাবে ই-রিকশাকে তৈরী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন ই-রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে। যা হবে অনলাইনের মাধ্যমে।
চালক প্রশিক্ষণের বিষয়ে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে ও ব্র্যাকের সহযোগিতায় ঢাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। এই উদ্যোগের আওতায় প্রথমে মাস্টার ট্রেইনার গড়ে তোলা হবে, যারা পরে মাঠ পর্যায়ে চালকদের প্রশিক্ষণ দেবেন।
মাস্টার ট্রেইনার তৈরির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থী, যুব মহিলা ও পুরুষদের মধ্য থেকে ২০০ জন এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে ১০০ জনসহ মোট ৩০০ জন প্রশিক্ষণার্থীর তালিকা প্রস্তুত করা হয়েছে।
এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দুই সিটির দুই জোনে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেওয়া হবে। আগস্টের প্রথম থেকেই মার্কেটে আসবে নতুন এই ই-রিকশা।যাযাদি ডেস্ক/২৭ জুন ২০২৫
সময়ের আলো/ ২৮ জুন, ২০২৫