সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 10:31 am

মাইলস্টোন ট্রাজেডি: বার্ন ইনস্টিটিউট ও সিএমএইচে সমন্বয় সেল গঠন

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ও তথ্য সহায়তার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সমন্বয় সেল গঠন করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।

বার্ন ইনস্টিটিউটে গঠিত সমন্বয় সেলটির অবস্থান ৮১১ নম্বর কক্ষে। যোগাযোগের জন্য হটলাইন নম্বর: ০১৭৬৯৯৯৩৫৫৮। সিএমএইচে গঠিত সেলে যোগাযোগ করা যাবে ০১৮১৫৯১২৬১৭ নম্বরে।

গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।

তাদের অধিকাংশই শিশু। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়ে অন্তত ৫৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহতদের চিকিৎসা ও স্বজনদের তথ্য সহায়তার জন্য এই সমন্বয় সেলগুলো চালু করা হয়েছে।

যাযাদি / ২৪ জুলাই ২০২৫

আরও - জাতীয় সংবাদ