সেই ২০০০ সাল থেকে স্বচ্ছতার সাথে পথচলা...

May 16, 2026 5:15 am

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মাদক জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্টাফেল।

সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর কিউআর ৬৩৮) ওই নারী ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়।

পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত হয়।


কাস্টমস কর্মকর্তারা জানান, ঘটনার সময় বিমানবন্দর থানার পুলিশ ও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলার প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে।

সময়ের আলো/এসটিও
২৬ আগস্ট, ২০২৫

আরও - জাতীয় সংবাদ